ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২
ছবি: আমার দেশ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বড়দাহ মাদরাসা এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও দুজন আহত হ‌য়ে‌ছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা‌টি ঘটে। নিহত তুফান দাস সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হরিপদ দাসের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও ফায়ার সার্ভিস সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্পতিবার রা‌তে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকূপা উপ‌জেলার বড়দাহ মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বালুবাহী ট্রাকের চালক তুফান দাস ট্রাকের কেবিনে আটকা পড়েন। এছাড়া বালুবাহী ট্রাকের হেলপার ও ধানবোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের কেবিন কেটে আটকে থাকা চালক তুফান দাসকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শৈলকূপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে বালুবাহী ট্রাকের চালককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহানুর আলী বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন