খুলনা নগরীতে পারিবারিক কলহের জের ধরে সাবেক জামাই আবিরের গুলিতে ইকবাল শেখ (৪৬) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে নগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে। গুলিটি সরাসরি তার বাম পায়ে লাগে।
গুলিবিদ্ধ ইকবাল শেখকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, তিনি নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে অভিযুক্ত আবিরের আনুমানিক চার মাস আগে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) হয়। বিচ্ছেদের পর থেকেই উভয় পরিবারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক শত্রুতা ও বিরোধ চলে আসছিল। এই পুরোনো কলহের জের ধরেই রোববার সকালে ইকবাল শেখের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে গুলিবর্ষণের এ ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

