মহিলা জামায়াতের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

মহিলা জামায়াতের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রা‌মে মহিলা জামায়াতের কর্মী সমাবেশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় দুপুরে স্থানীয় ডাকবাংলোর হলরুমে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াত। হামলার প্রতিবাদ জানিয়ে এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ।

তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ও রমজানের তাৎপর্য নিয়ে কুল্লোপাড়া গ্রা‌মে সমাবেশের আয়োজন করে উপজেলা মহিলা জামায়াত। এ সময় একই গ্রামের বিএনপি নেতা হুয়াদ আলীর ছেলে ঝুমুর নেতৃত্বে আলামিন, সোহেল, আশরাফুলসহ ২০-২৫ জনের একটি দল আমাদের নারী কর্মীদের ওপর হামলা চালান। একই সঙ্গে তাদের শ্লীলতাহানি করা হয়। হামলায় ২০-২৫ জন নারী আহত হয়েছেন। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা করেছেন হাসিনা খাতুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হাই, হাসিনা খাতুন, পৌর জামায়াতের আমির ইসমাইল হোসেন পলাশ, বাঁশবাড়িয়ার ইউনিয়নের আমির জুলফিকার আলী প্রমুখ।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন