ঝিনাইদহে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহ শহরের সদর উপজেলা পরিষদের পুকুরের পানিতে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আরাবি হোসেন ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা শামীম আহমেদের ছেলে। সে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় আরাবি। এরপর সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা পরিষদের পুকুরে আরাবিকে ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে আরাবিকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে শিশুটির নিথর দেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।

ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী বলেন, হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তাকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন