বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ আটক ১

বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-মুন্সিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে মো. মিজানুর রহমান (৬১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর বিওপির সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মিজানুর রহমান উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশনায় বিজিবির একটি বিশেষ টহলদল মুন্সিপুর সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

অভিযান চলাকালে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে আসা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কোমরে লুঙ্গির ভাঁজে টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯৩২ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। একই সঙ্গে পাচারের কাজে ব্যবহৃত একটি ডায়ান (DY-50) মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক মিজানুর রহমানকে জব্দকৃত স্বর্ণের বার, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া জব্দ করা স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন