চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে সাড়ে ১৩ কোটি টাকা মূল্যের প্রায় সাত কেজি স্বর্ণসহ মোহাম্মদ রবিউল ইসলাম (৩২) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে এ অভিযান চালায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি। দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার-৭৮ এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে থামায় বিজিবি সদস্যরা। এ সময় দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। যার ওজন ছয় কেজি ৯৬৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
আটক ব্যক্তি মোহাম্মদ রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহমদ আলী বিশ্বাসের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, উদ্ধার করা স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যেই বহন করছিলেন। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০ টাকা জব্দ করা হয়। আটক আসামি ও মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধার হওয়া স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কথা জানিয়েছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

