খুলনায় ছিনতাইকারীর হামলায় শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত শাহ আলম খুলনা জেলার ‘এ-সার্কেল’ অফিসে কর্মরত রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা থানা এলাকায় একটি বিশেষ অভিযান শেষ করে রিকশায় চেপে পুলিশ ক্লাবে ফিরছিলেন শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর কোপ মেরে দ্রুত পালিয়ে যায়।
পরে খুলনা সদর থানার ওসি ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং রাত ৪টা ১৫ মিনিটে সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
আহত পুলিশ পরিদর্শকের দুই হাতের আঘাত আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। পরবর্তীতে পুলিশের সরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় খুলনা সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে হামলাকারী ছিনতাইকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

