খুলনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর এক অভিজাত হোটেলে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি শফিকুল আলম মনা।
প্রধান অতিথির বক্তৃতায় মনা বলেন, বাংলাদেশের হিন্দুরা বিএনপির আমলে সবচেয়ে নিরাপদ। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে খুলনায় হিন্দু মহাসম্মেলন করেছিলেন। তিনি ধর্ম, বর্ণ, জাতি, গোত্র নির্বিশেষে এই জনপদের সকল নাগরিককে বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয় দেন।
মনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা হয়, মন্দির-গির্জা ভাঙচুর, স্বর্ণালংকার লুট, জমি দখল, নারীদের সম্মানহানি করা হয়। আর একটা দল আছে যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা বেহেশতের টিকিট বিক্রি করে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। পীরের দরগায় লাখো মানুষ যায়, কিন্তু পীরের দল ভোট পায় না।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টাণ কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মহানগর ও জেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। সভাপতিত্ব করেন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও খুলনা জেলা আহ্বায়ক ডা. প্রদীপ দেবনাথ। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও ফ্রন্টের খুলনা মহানগর শাখার সদস্য সচিব সত্যানন্দ দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন দীপক কুমার দাস, ব্রজেন ঢালী, সুজানা জলি, কৌশল্যা রায়, বিমান সাহা, সুজিত সাহা, বিজয় ঘোষ, রতন মিত্র, অরুন গোলদার, অ্যাডভোকেট সত্য নারায়ান সাহা, রমেন রায়, অংশুপতি মন্ডল, প্রভাষক সুজিত মন্ডল, নির্মলেন্দু মন্ডল ও তপন ঘোষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

