কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ইবি শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ইবি শিক্ষার্থী নিহত

যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম (২৩) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জুন) সকালে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাশেদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি স্নাতকোত্তর পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিনি।

একই ঘটনায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু নায়েম রনিসহ আহত হন অন্তত ১০ যাত্রী।

বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পাঠানো শোকবার্তায় জানানো হয়, সোমবার সকালে কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ফেরার সময় যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে রাশেদুল ইসলাম ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদুলের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। মেধাবী ছাত্র রাশেদুলের অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাশেদুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন