তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তীব্র সারসংকট, সারের ডিলার ও ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগের প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় মহেশপুর কলেজ বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আব্দুল হাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার আমির ফারুক আহম্মদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল বারী, মাওলানা আব্দুল হাইসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, সারসংকট এবং বিভিন্ন নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে ধরেন। তারা এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারের ডিলার ও ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগসহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান তারা।
প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগের বিষয়েও সমাবেশে বক্তব্য দেন নেতারা। তারা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
এ সময় বক্তারা তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ ও কৃষকদের ওপর যে আর্থিক চাপ তৈরি হচ্ছে, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

