দ্বিতীয় চালানে ভারত থেকে ২৯ টন কাঁচামরিচ আমদানি

দ্বিতীয় চালানে ভারত থেকে ২৯ টন কাঁচামরিচ আমদানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দ্বিতীয় চালানে ভারত থেকে আমদানি করা হয়েছে ২৯ মেট্রিক টন ২২০ কেজি কাঁচামরিচ। এর আগে প্রথম চালানে ৯.২ মেট্রিক টন কাঁচামরিচ দেশে আসে। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আশা, ধারাবাহিকভাবে আমদানি অব্যাহত থাকলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমে আসবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ১টার দিকে ভারত থেকে ২৯ হাজার ২২০ কেজি কাঁচামরিচবোঝাই একটি ট্রাক বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করায় বিকেলের মধ্যেই চালানটি খালাসের ব্যবস্থা করা হয়।

বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে শিমু এন্টারপ্রাইজ ও রয়েল ইন্টারপ্রাইজ বেনাপোল কাস্টমস হাউসে প্রয়োজনীয় আমদানি-সংক্রান্ত নথিপত্র জমা দিয়েছে।

আমদানিকারক শাহাজান আলী জানান, প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে সব মিলিয়ে প্রায় ১৩৫ টাকা ব্যয় হয়েছে। সামান্য লাভ রেখে বাজারে বিক্রি করা হবে। আমদানি বাড়লে বাজারে মরিচের দাম কমে আসবে। তবে কাস্টমস জটিলতা, বিভিন্ন ধরনের হয়রানি এবং অতিরিক্ত ব্যয়ের কারণে আমদানিকারকদের খরচ অনেক বেড়ে যাচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন প্রদেশ, বিশেষ করে নাসিক অঞ্চল থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ীকে মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি (আইপি) দেওয়া হয়েছে। গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এ আমদানি কার্যক্রম শুরু হয়।

এদিকে মঙ্গলবার বেনাপোল কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীদের ধারণা, ভারত থেকে নিয়মিত আমদানি হলে বাজারে সরবরাহ বাড়বে এবং অল্প সময়ের মধ্যেই দাম নিম্নমুখী হবে।

আমদানি-সংক্রান্ত নথিপত্রে দেখা গেছে, প্রতি টন কাঁচামরিচের ঘোষিত আমদানি মূল্য ২৩ হাজার ৮৭৫ টাকা, অর্থাৎ প্রতি কেজির ঘোষিত মূল্য প্রায় ২৪ টাকা। এর সঙ্গে সরকারকে কেজিপ্রতি প্রায় ৪৫ টাকা শুল্ক পরিশোধ করতে হচ্ছে। এছাড়া পরিবহন ব্যয়, বন্দর চার্জ, কাস্টমস প্রক্রিয়াকরণ, সিঅ্যান্ডএফ চার্জ ও খালাস ব্যয় যুক্ত হওয়ায় আমদানির প্রকৃত ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ভারত থেকে দ্বিতীয় চালানে ২৯.২২০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে। সীমান্তের ওপারে আরও কয়েকটি কাঁচামরিচবাহী ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন