সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ

বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার, বিচার এবং দুর্নীতিবাজ বিচারকদের আদালত থেকে অপসারণের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঝিনাইদহ ইউনিটের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকালে আইনজীবী‌দের এক‌টি প্রতিবাদ মিছিল জেলা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ শেষে ‌ঝিনাইদহ জেলা আইনজীবী স‌মি‌তির সামনে এসে শেষ হয়।

এ সময় মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঝিনাইদহ ইউনিটের সভাপতি অ্যাডভোকেট দবির হোসেন ও জেলা জজ আদালতের পিপি মশিউর রহমান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন সমাবেশ পরিচালনা ও সঞ্চালনা করেন।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সারা দেশের দুর্নীতিবাজ বিচারকদের অপসারণ করতে হবে। দেশের কোনো আদালতের চেয়ারে স্বৈরাচারের দোসরদের আর দেখতে চায় না বাংলাদেশের জনগণ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন