ঝিনাইদহের কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের কুশোকুড়ি এলাকায় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট করা নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রাজবাড়ী জেলার পাংশা এলাকার আলতাফ ওরফে আলতাফ ডাকাত, কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে গ্রেফতার হওয়া সুরত আলী ওরফে সুরত ডাকাত এবং চুয়াডাঙ্গা সদর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া স্থানীয় তথ্যদাতা ও ডাকাতদের এজেন্ট আরিফুল।
বৃহস্পতিবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই রাতে সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ি মাঠসংলগ্ন পাকা সড়কে খেজুর গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে সংঘবদ্ধ মুখোশধারী ডাকাত দল। এ সময় তারা দেশীয় অস্ত্রের মুখে মোটরসাইকেল আরোহী ও ট্রাকচালকদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকাতরা গ্রামীণ ব্যাংকের মুজিবনগর শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান (পিপিএম) ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে বিশেষ নির্দেশনা দেন।
তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন অনুসন্ধানের ভিত্তিতে প্রথমে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে সুরত ডাকাতকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুট করা মালামাল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর পাংশা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আলতাফকে গ্রেফতার করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর এলাকা থেকে ডাকাতদের স্থানীয় তথ্যদাতা ও এজেন্ট আরিফুলকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সুরত ও আলতাফ আদালতে হাজির হয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে লোমহর্ষক বর্ণনাসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপরদিকে, গ্রেফতারকৃত আরিফুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রিমান্ড আবেদন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ডাকাত চক্রের বাকি সদস্য ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে কুশোকুড়ি মাঠ এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

