খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সুদীপ কুমার বালাকে পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার টিয়ারখালী ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পদে বদলি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে গত ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ জারির কথা উল্লেখ করে পাঁচ কর্মদিবসের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খুলনার ডেপুটি সিভিল সার্জন ডা. শওকত আলী শনিবার বলেন, জনস্বার্থে ডা. সুদীপ কুমার বালাকে টিয়ারখালী হাসপাতালে বদলি করা হয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট দৈনিক আমার দেশ-এ ‘দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্স যেন ‘ব্যক্তিগত ক্লিনিক’, সরকারি সেবায় টাকার খেলা!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে অর্থ নেওয়া, সরকারিভাবে পরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও বাইরে পাঠানো, সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশের পর ডা. সুদীপ বালাকে বদলি করা হলো।
তবে ওই প্রতিবেদনে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছিলেন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় কিছু সেবা বাইরে থেকে নিতে হয় এবং অতিরিক্ত অর্থ নেওয়ার সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে জড়িত নন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

