যুবলীগ নেতা পেলেন সারের ডিলারশিপ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

যুবলীগ নেতা পেলেন সারের ডিলারশিপ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. শাহাদাত হোসেন সারের ডিলার হিসেবে নিয়োগ পাওয়ায় অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

বিজ্ঞাপন

রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে লাহুড়িয়া বাজারের মাগুরা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের মাগুরা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন জমাদ্দার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্সি মফিজুর রহমান, যুবদল নেতা মিজানুর রহমান এবং লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী মিয়াসহ অন্য নেতারা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও যুবলীগের চিহ্নিত নেতাকে কীভাবে সারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ডিলার নিয়োগ দেওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়। অবিলম্বে এই অগণতান্ত্রিক ও পক্ষপাতদুষ্ট নিয়োগ বাতিল করে ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের ডিলার নিয়োগ দিতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

বক্তারা আরও বলেন, কৃষকরা যাতে ন্যায্যমূল্যে ও সময়মতো সার পান, তা নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়ারও দাবি জানান তাঁরা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, ‘সার ডিলার নিয়োগের জন্য উপজেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন