যশোরে ৪২০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যাক্তির নাম জাহিদ মণ্ডল (৩৬)।
বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের মুরাদগড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় প্যান্টের নীচে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বার দুটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এই স্বর্ণের দাম ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা এবং মোবাইলের মূল্য ১৫ হাজার টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য প্রায় ৬১ লাখ ৯৪ হাজার ৪০ টাকা।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বর্ণের বারের পাশাপাশি একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ জানিয়েছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্তপথে ভারতে পাচারের উদ্দেশে যাচ্ছিলেন।
আটক জাহিদের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবিরি এই কর্মকর্তা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

