বাগেরহাটের মোংলা বন্দরের জেটি সংলগ্ন এলাকায় নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন লাইটার জাহাজ ‘এমভি শোভা’র এক কর্মচারী। শনিবার সকাল সাড়ে পাঁচটার দিকে মো. রাব্বি নামক ওই কর্মচারী হঠাৎ নদীতে পড়ে যায়। এরপর কর্মচারীরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।
এমভি শোভা’র মাস্টার মুজ্জাফর মোল্লা জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম বোঝাই করেন। এরপর ঢাকার যাওয়ার জন্য তারা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীত পাশে পশুর নদীতে অপেক্ষা করতে ছিলেন। আজ সকাল সাড়ে ৫টার সময় কর্মচারী রাব্বি রান্নাঘর থেকে চা খেতে খেতে ডেকের দিকে যাওয়ার সময় অসাবধানতাবসত নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। পরে না পেয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মাকরুজ্জামান মুন্সি জানান, লাইটারের কর্মচারী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ কর্তৃক ড্রোন ব্যবহার করে জাহাজটির আশপাশের নদী এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে। একইসাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ লাইটারের কর্মচারী মো. রাব্বি বরিশালের বাঁকেরগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানান লাইটারের মাস্টার মুজ্জাফর। এক বছর আগে ক্রু হিসেবে এমভি শোভায় যোগদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

