বিছানার নিচ থেকে অস্ত্র ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার, খুলনায় রফিক বাহিনীর ২ সদস্য গ্রেপ্তার

খুলনা ব্যুরো

বিছানার নিচ থেকে অস্ত্র ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার, খুলনায় রফিক বাহিনীর ২ সদস্য গ্রেপ্তার

খুলনায় পুলিশের অভিযানে শয়নকক্ষের বিছানার নিচ থেকে একটি রিভলভার ও ৪১ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসী রফিক বাহিনীর দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সালাউদ্দিন আহমেদ (২৯) ও আবিদ হাসান রানা (৩৮)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম ও খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় দুপুর সোয়া ১২টার দিকে খুলনা সদর থানায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল লবণচরা থানার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালায়। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে আবিদ হাসান রানার বাসার শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় বিছানার নিচ থেকে একটি রিভলভার ও বিভিন্ন ধরনের ৪১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি রিভলভারের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ এবং ২৪টি শটগানের তাজা কার্তুজ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন খুলনা অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রফিক বাহিনীর সক্রিয় সহযোগী বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সহযোগীদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় খুলনা সদর থানায় সংশ্লিষ্ট অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন