খুলনা মহানগরীর সদর থানার রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি (১৫) নামে এক কিশোরীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকারের মেয়ে। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আশিক গুলিবিদ্ধ ইতির ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বাম পায়ের একপাশে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে ইতিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় জানা যায়নি।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, গুলিবিদ্ধ কিশোরী ইতি কথিত শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান হিসেবে পরিচিত আশিকের ছোট বোন। তবে এ ঘটনার সঙ্গে ওই পরিচয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো মন্তব্য করেনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

