বাগেরহাটের মোংলা উপজেলার হারবাড়িয়া সংলগ্ন কোস্টগার্ডের ভাসমান স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলায় প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে নিখোঁজ জেলে মিরাজের স্ত্রী, মা ও বোনসহ মোট ৬ জনকে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
তারা হলেন, মুক্তা খাতুন (৩০), লিজা ইসলাম (২৩), তাসলিমা বেগম (৫০), সুলতান শেখ (৫৫), মহারাজ খান (৫০), মো. শাহজালাল ফরাজী (২০), । তারা প্রত্যেকে বাগের হাট জেলার বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে জয়মনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মোংলা থানায় হস্তান্তর করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার উপজেলার হারবাড়িয়া সংলগ্ন কোস্টগার্ডের ভাসমান স্টেশনে হামলা,ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। এতে কোস্টগার্ডের তিনজন সদস্য গুরুতর আহত হন বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন নিখোঁজ জেলে মিরাজের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছিল, যার জের ধরেই এই হামলার ঘটনা ঘটে।
তবে কোস্টগার্ড ও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি পরিকল্পিত হামলা এবং এর সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

