খানাবাড়ি গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী লামিয়া খাতুন। যোগীপোলের বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এই পথে প্রতিদিন যাতায়াতে ৫০ টাকার বেশি খরচ হয়। বাবা মো. ইলিয়াস দেওয়ান পেশায় একজন ভ্যানচালক; তবে মেয়ের লেখাপড়ায় অদম্য আগ্রহ দেখে কষ্ট হলেও তিনি খরচ চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সেলিনা শাবনাজ শিপা। চাকরিজীবী বাবা সুযোগ পেলে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যান। বাকি দিনগুলোতে তাকে মীরেরডাঙ্গার বাসা থেকে প্রায় তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুলে যেতে হয়।
একইভাবে মঈনউদ্দিন হাফেজিয়া মাদরাসা থেকে কুরআন হিফজ করছে খালিশপুর বঙ্গবাসী মোড়ের মো. সাদরুল আলম ফাহাম। সে একই সঙ্গে দারুল মোকররম মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়াশোনা করছে। শিক্ষার টানে প্রতিদিন কাকডাকা ভোরে তাকে ঘর ছাড়তে হয় এবং পুরো পথটাই পাড়ি দিতে হয় হেঁটে।
নানা প্রতিকূলতা মোকাবিলা করে লেখাপড়া চালিয়ে যাওয়া এমন ৩০ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে উৎসাহিত করতে উপহার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়েছে। খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল রোববার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেন। এ উপলক্ষে প্লাটিনাম জুবিলী জুট মিলসের অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, মেধাবী শিক্ষার্থীরা যাতে কোনো কারণে ঝরে না পড়ে, সে জন্যই আজকের এই আয়োজন। সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গৃহীত কারিকুলাম পরিবর্তন করে কর্মমুখী শিক্ষায় উৎসাহিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী চান, যেন কোনো শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করে বেকার না থাকে।
হুইপ বকুল বলেন, আমার নির্বাচনি এলাকা একসময় শিল্পে সমৃদ্ধ ছিল। কিন্তু বিগত সরকারের ভুল নীতি ও লুটপাটের কারণে তা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। পিছিয়ে পড়া এই অঞ্চলকে আগের অবস্থায় ফেরাতে আজকের শিক্ষার্থীদেরই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।
খুলনা অঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করে তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির আশপাশ ও স্কুলের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের সঞ্চালনায় এতে সূচনা বক্তব্য দেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিএনপি নেতা স ম আব্দুর রহমান, হাবিব বিশ্বাস, শেখ ইমাম হোসেন ও আবুল কালাম জিয়া প্রমুখ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

