এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- এডিবির বরাদ্দকৃত বাইসাইকেল অনিয়মের মাধ্যমে নিজের নাতিকে উপহার দেওয়ার জেরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলামকে তিন মাসের জন্য দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুর রহমানকে নতুন ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
শুক্রবার কোটচাঁদপুর শহরের আলফালাহ সেন্টারে অনুষ্ঠিত এক রুকন সম্মেলনে জেলা আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর দলের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, রুকন সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম। তবে জুমার নামাজের বিরতির পর দ্বিতীয় অধিবেশনে তিনি অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতেই জেলা আমির আলী আজম মো. আবু বকর সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে তাজুল ইসলামকে তিন মাসের জন্য সাময়িক বরখাস্তের ঘোষণা দেন।
খবরের সত্যতা নিশ্চিত করে নতুন দায়িত্বপ্রাপ্ত কোটচাঁদপুর উপজেলা আমির আজিজুর রহমান জানান, সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে সাবেক আমিরের বিরুদ্ধে গণমাধ্যমে নেতিবাচক খবর প্রচারিত হওয়ায় দলের ভাবমূর্তি রক্ষায় প্রাথমিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কোটচাঁদপুরে সরকারিভাবে বাইসাইকেল বিতরণে স্বেচ্ছাচারিতার আশ্রয় নেওয়া হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে উঠে এলে জেলা জামায়াত ইসলামী নেতৃবৃন্দ তাৎক্ষণিক এই সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

