জাল টেনে নৌকায় তুলতেই ২০ কেজির কোরাল

জাল টেনে নৌকায় তুলতেই ২০ কেজির কোরাল
জেলেদের হাতে কোরাল

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের ভোলা নদীতে এক জেলের জালে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় শরণখোলা বাজারে নিয়ে আসা হলে ৩৬ হাজার টাকায় বিক্রি হয়। সোমবার সকালে সুন্দরবনসংলগ্ন ভোলা নদীতে মাছ ধরার সময় শরণখোলা গ্রামের জেলে জহুরুল হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে।

বিজ্ঞাপন

জানা গেছে, বন বিভাগের বৈধ অনুমতিপত্র নিয়ে সকালে ভোলা নদীতে মাছ ধরতে যান জহুরুল। জাল ফেলার কিছুক্ষণ পরই তিনি জালে অস্বাভাবিক টান অনুভব করেন। পরে কৌশল অবলম্বন করে জাল টেনে নৌকায় তুলতেই দেখা মেলে বিশাল আকারের এক কোরাল মাছের। মেপে দেখা যায়, মাছটির ওজন ঠিক ২০ কেজি। বিশাল আকারের মাছটি পেয়ে জহুরুল দ্রুত শরণখোলা বাজারে ফিরে আসেন। সকাল ১০টার দিকে স্থানীয় মৎস্য আড়তদার শাহাদাত মুন্সী মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন। সে হিসাবে প্রতি কেজি কোরাল মাছের দাম পড়ে ১ হাজার ৮০০ টাকা।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, সুন্দরবনে তিন মাসের টানা মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে গত এক মাসে জেলেদের জালে ধরা পড়া মাছগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় আকারের কোরাল। বড় আকৃতির কোরালের বাজারে ব্যাপক চাহিদা থাকায় জেলে ভালো দাম পেয়েছেন।

ক্রেতা শাহাদাত মুন্সী বলেন, গত এক মাসে সুন্দরবন এলাকা থেকে আসা মাছের মধ্যে এটিই সবচেয়ে বড় কোরাল। ক্রেতাদের কাছে বড় কোরালের কদর বেশি থাকায় ভালো দামে কিনে নিয়েছি। আশা করছি স্থানীয় বাজারে লাভজনক দামে বিক্রি করতে পারব।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. খলিলুর রহমান বলেন, ভোলা নদীতে জেলের জালে ২০ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়ার বিষয়টি আমরা জেনেছি। তিন মাসের সরকারি নিষেধাজ্ঞার কারণে বনাঞ্চলের জলাশয়ে মাছগুলো নির্বিঘ্নে বৃদ্ধি পাওয়ার সুযোগ পেয়েছে। ফলে এখন জেলেদের জাল ও বড়শিতে বড় বড় মাছ ধরা পড়ছে এবং তারা বাজারে ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন