ঝিনাইদহের মহেশপুরে ৮টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের মহেশপুর বিওপি হাবিলদার শিশিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রোববার রাত ৮টার দিকে সীমান্ত পিলার ৬৯/২-এস হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর পিচ মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা সাইকেল থামিয়ে গয়েশপুর গ্রামের তেঁতুল মন্ডলের ছেলে মমিনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৮টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের টুকরা জব্দ করা হয়। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত তার সাইকেলটিও জব্দ করে বিজিবি। জব্দ স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটক মমিনকে মামলা দিয়ে জীবননগর থানায় সোর্পদ করা হবে। আর স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারী কোষাগারে জমা করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

