কুষ্টিয়া সদর উপজেলায় আব্দুর রহমান উজ্জ্বল (৩৩) নামে এ ব্যবসায়ীর মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার পাটিকাবাড়ী গ্রামের তাহাজমোড়স্থ নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত উজ্জল একই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
আজ দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান।
আমার দেশকে তিনি জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল। লাশের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, উজ্জ্বলের মায়ের সঙ্গে বাড়ির জমি নিয়ে তার ঝামেলা ছিল। এছাড়া প্রায় তিন মাস আগে বনিবনা না
হওয়ায় বউ একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত উজ্জ্বলের সাথে তার পরিবারের ঝামেলা চলছিল। তার মা তাকে বাড়ির জমি না দেয়ায় তাহাজমোড় এলাকায় নিজ জমির ওপর একটি টিনের ছাপড়া ঘরে একাই থাকতেন তিনি।
প্রায় তিন মাস আগে বনিবনা না হওয়ায় একমাত্র সন্তানকে নিয়ে স্ত্রী তার বাবার বাড়ি চলে গেছে। এরপর থেকে মানসিকভাবেও ভেঙে পড়েন উজ্জ্বল। আজ সকালে সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে জানালা দিয়ে বিছানার ওপর তার রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয় বাজারে ফটোকপির ব্যবসা এবং একটি বিস্কুট কোম্পানির পরিবেশক ছিলেন নিহত উজ্জল। সূত্র আরো জানায়, উজ্জ্বল যখন ছোট ছিল, তখন বাবারও অপমৃত্যু হয়। এরপর তার মা অন্যত্র বিয়ে করেন। বেশ কিছু দিন আগে মা তাকে বাড়ির জমি থেকে বঞ্চিত করেন। এরপর থেকে তাহাজমোড় এলাকায় নিজ জমির ওপর একটি টিনের ছাপড়াঘর তুলে সেখানে একাই থাকতেন উজ্জ্বল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

