কুষ্টিয়ায় বিজিবির টাস্কফোর্সের অভিযানে জব্দকৃত দুই কোটি ৭লাখ ৬৬ হাজার টাকার ১৩ হাজার ৮৪৪ কেজি অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া শহরের পৌর মার্কেট এলাকায় জব্দকৃত জাল পোড়ানোর আদেশ দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) মো. আব্দুর রকিব।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, ৪৭ বিজিবি’র সহকারী পরিচালক জাকিরুল ইসলামসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ জুন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কুষ্টিয়া পৌর মার্কেটে একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
এ সময় দুই কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকার (সিজার মূল্য) ১৩ হাজার ৮৪৪ কেজি অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়। অভিযানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রকিব, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী এবং কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সহকারী পরিচালক জাকিরুল ইসলাম (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) নেতৃত্ব দেন। পরে জব্দকৃত অবৈধ জাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুড়িয়ে ফেলা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

