কুষ্টিয়ায় পার্সেল বোমা বিস্ফোরণে নাসির শেখ নামের এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ব্যাটারিসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভ্যানচালক নাসির শেখ (৫০) লাহিনী কর্মকার পাড়ার বাহের শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে দুজন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ৩০ টাকা ভাড়া দিয়ে ব্যাগে ভর্তি একটি পার্সেল লাহিনী জোয়ার্দার পাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলে। ভ্যানচালক পার্সেলটি হামিদুলের বাড়িতে নিয়ে গেলে সেটি নিতে অপরাগত প্রকাশ করেন তিনি।
এরপর পার্সেলটি নিয়ে পুনরায় লাহিনী বটতলা এলাকায় ফিরে আসে হামিদুল। সেখানে একটি ফলের দোকানের সামনে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে পার্সেল খুলে ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পান তারা। এরপর কাঠের বাক্সটি খোলার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে ফলের দোকানের ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের আহত ভ্যানচালক নাসির শেখ বলেন, ‘যে দুজন পার্সেলটি পৌঁছে দিতে বলেছেন, আমি তাদের কাউকে চিনি না। তারা নিজেদের গাড়ির ড্রাইভার পরিচয় দিয়েছিল, আর হামিদুল ইসলামও গাড়ির ড্রাইভার। তারা একে অপরের পরিচিত বলেছিল। সবাইকে সাক্ষী রেখেই পার্সেলটি খুলেছিলাম। কাঠের বাক্সটি তখনই বিস্ফোরিত হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও হোসেন ইমাম জানান, আহত একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্প্রিন্ট জাতীয় কিছুর আঘাতে তার শরীরের নিম্নাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। ওই আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তির সময় ব্যাটারি বিস্ফোরণ উল্লেখ করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফয়সাল মাহমুদ বলেন, বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তবে কারা ঘটিয়েছে তাদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

