অপহরণের ৩ দিন পর পশুচিকিৎসক উদ্ধার, আটক ৩

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

অপহরণের ৩ দিন পর পশুচিকিৎসক উদ্ধার, আটক ৩

সাতক্ষীরার শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশুচিকিৎসক অনিমেষ পরমান্য (৫০) কে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে অপহরণ ঘটনার মূলহোতা মো. আশরাফ ঢালী পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামের চিহ্নিত হরিণ শিকারি জব্বার গাজী, একই এলাকার শাহিনুর রহমান এবং গাবুরা ইউনিয়নের বনদস্যু হিসেবে পরিচিত মাহমুদুল হাসান ডন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সংঘবদ্ধ চক্র সুন্দরবনের মাথাভাঙা নদীর ধলের খাল এলাকা থেকে অনিমেষকে অপহরণ করে। অপহরণকারীরা সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাহিনুর রহমানের মাধ্যমে অনিমেষকে মুন্সিগঞ্জের সুন্দরবন বাজারে ছেড়ে দেয়। এ সময় শাহিনুরকে আটক করা হয়।

তিনি আরও জানান, বেলা ১২টার দিকে স্থানীয়রা মিরগাং এলাকা থেকে জব্বার গাজী ও মাহমুদুল হাসান ডনকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

অনিমেষ পরমান্য জানান, গরু চিকিৎসার কথা বলে শনিবার সকালে তাকে বাড়ি থেকে ডেকে নেয়া হয়। পরে গরু না দেখিয়ে তাকে সুন্দরবনের ভেতরে নিয়ে জিম্মি করা হয়।

তিনি আরও জানান, তাকে বনের মধ্যে একটি নৌকায় আটকে রাখা হয়। খাবার দেওয়ার সময় ছাড়া প্রায় সারাক্ষণ তার হাত বেঁধে রাখা হতো। অপহরণকারীরা তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...