ইবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

প্রতিনিধি, ইবি

ইবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
ছবি: আমার দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছয়টি একাডেমিক ভবনে এক ঘণ্টাব্যাপী চলবে এই পরীক্ষা।

বিজ্ঞাপন

কলা, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৯ হাজার ১৩৩ জন শিক্ষার্থীর আসন নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে থেকেই কেন্দ্রে উপস্থিত হচ্ছেন।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবা প্রদানের লক্ষ্যে ‘হেল্প ডেস্ক’ বসিয়েছে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন। সেখানে কলম, পানি, চকলেট, স্যালাইন, ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে, গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। ক্যাম্পাসে আনসার, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া, প্রক্টরিয়াল বডির তত্ত্বাবধানে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘ভর্তি পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবে কেন্দ্রে প্রবেশ করছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন