চুয়াডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক লিমন আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার লিমন আলী চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার এতিমখানা সড়কের ৭নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আবুল হোসেনের ছেলে।
শনিবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডির) নেতৃত্বে লিমন আলীর বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি, ১টি অ্যান্ড্রয়েড ও ৪টি বাটন মোবাইল ফোন সেট, ৪টি দেশি ধারালো চাপাতি, ১টি চাইনিজ ছুরি ও ১টি রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, লিমনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

