ছাত্রদল নেতার হাতে নারীসহ ধরা পড়া ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ৩০ জুন সন্ধ্যায় যশোর পাউবোর পুরাতন রেস্টহাউসের কপোতাক্ষ কক্ষে উঠেছিলেন ওসি সাইফুল ইসলাম। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এক নারীকে নিয়ে সেখানে প্রবেশ করেন তিনি। পরে খবর পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। রেস্টহাউসের কক্ষের দরজায় ধাক্কাধাক্কির একপর্যায়ে ওসি সাইফুল ইসলাম বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে আবার ঘরের ভেতর নিয়ে যান ছাত্রদল নেতারা। ওই সময় বাকবিতণ্ডা, ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা হয়। ৬ জুলাই রাতেই জেলা পুলিশের পক্ষ থেকে ওসি সাইফুল ইসলামকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়।
রেস্টহাউসের কেয়ারটেকার মিজানুর রহমান বলেন, ওসি সাইফুল ইসলাম নিজে এসে স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে কক্ষে প্রবেশ করেন। পরে এলাকার কিছু লোক এসে দরজায় ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে দরজা খুললে ধস্তাধস্তি হয়।
পাউবো যশোরের নির্বাহী প্রকেশৗলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের চিঠির ভিত্তিতে রেস্টহাউসে কক্ষ বরাদ্দ দেওয়া হয়। অনাকাঙ্খিত ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে।
কোনো অনৈতিক কিছু ঘটেনি। তিনি যশোরে ব্যক্তিগত কাজে এসেছিলেন। নারী বন্ধুটিকে সঙ্গে নিয়ে রেস্টহাউসে অবস্থান করছিলেন। এ সময় কিছু ছাত্রনেতা এসে স্বাভাবিক কথাবার্তা বলে চলে যান। তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেন ওসি সাইফুল ইসলাম।
অন্যদিকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি বলেন, স্থানীয়দের মাধ্যমে অসামাজিক কর্মকাণ্ডের খবর পেয়ে তিনি সেখানে যান। তবে সেখানে কোনো নারীকে দেখেননি বলে দাবি করেন তিনি। যদিও সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিতি ও নারীসহ থাকার বিষয়ট স্পষ্ট দেখা গেছে।
ঘটনার পর থেকে মহেশপুরসহ পুরো জেলাজুড়ে এ নিয়ে নানা গুঞ্জন চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
ঝিনাইদহের পুলিশ সুপার মনজুর মোর্শেদ বলেন, ঘটনার পরপরই ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

