বাগেরহাটের মোল্লাহাটে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।
উদ্ধার করা শ্রীলঙ্কান নাগরিকরা হলেন মালাভি পাথিরানা, পাথিরানা ও থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।
আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকার সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন(৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪) ও গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ(৩৮)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কার নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিনজনের মধ্যে দুজন বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে ২২ এপ্রিল
ঢাকায় আসেন। পরে শ্রীলঙ্কায় তাদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

