শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে কেএমপির ব্যতিক্রমী উদ্যোগ

শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে কেএমপির ব্যতিক্রমী উদ্যোগ

মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। স্কুলে গিয়ে সেমিনারের মাধ্যমে নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়মকানুন তুলে ধরা হচ্ছে। প্রদর্শন করা হয় রোড সেফটির ওপরে নির্মিত বিশেষ ভিডিও চিত্র।

পাশাপাশি সেখানে সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলাচলের উপায়, রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠানামা ও ফুটপাত না থাকলে রাস্তায় হাঁটার নিয়ম ছাড়াও জীবন রক্ষাকারী বিষয়েও আলোচনা হচ্ছে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে মহানগরের ১০১টি স্কুলে এই অনুষ্ঠান হয়েছে। এ উদ্যোগের মূল পরিকল্পনাকারী কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার নিজে উপস্থিত ছিলেন ১৪টিতে।

বৃহস্পতিবার সকালে নগরীর খালিশপুরের ঐতিহ্যবাহী নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে তার উপস্থিতি অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয়।

তবে রোড সেফটিকে সামনে রাখলেও সচেতনতা বাড়ানোর বহু ক্ষেত্রে কাজ করছে পুলিশ। তার আলোচনায় উঠে আসে সীমান্তবর্তী জেলা হিসেবে খুলনার কিশোরীদের পাচার হওয়ার ঝুঁকির বিষয়টিও।

প্রলোভন থেকে নিজেকে মুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্ধু নির্বাচনে নিজেকে যেমন সচেতন তেমনি অভিভাবকদেরও সতর্ক থাকতে হবে। মাদকের কুফল ও ভয়াবহতা, বাল্যবিয়ে, মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কুফলও উঠে আসে তার আলোচনায়।

মহানগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য, চকলেট-চিপসের খোসা, টিস্যু, ওয়ান টাইম বক্স না ফেলার অঙ্গীকার করান তিনি। এরপর কুইজের মাধ্যমে পাঁচ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

স্কুলের প্রিন্সিপাল শাহিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম, খালিশপুর জোনের এসি সৌমেন্দ্র কুমার গাইন, খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী উপস্থিত ছিলেন।

কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার আমার দেশকে বলেন, আজকের কিশোররা আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক পথ নির্দেশনার সময় এখনই।

তিনি বলেন, স্কুলে স্কুলে অ্যাওয়ারনেস কর্মসূচি দিয়ে পুলিশ জনগণের বন্ধু- এই কথাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চেয়েছি। শিক্ষার্থী কার্যক্রম শেষ হলে অভিভাবকদের সঙ্গে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন