খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় গুলি করে এক যুবকের মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এতে ওই যুবকের বাম ঊরুতে গুলি লাগে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত যুবকের নাম শেখ জুম্মান রহমান বিশাল (২৭)। তিনি পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা। তার বাবার নাম লুৎফর শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিশাল পশ্চিম টুটপাড়া আমতলা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে হেলমেট ও মাস্ক পরা তিন ব্যক্তি সেখানে আসে। একপর্যায়ে তারা বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম ঊরুতে গুলি লাগে। পরে তার কাছে থাকা ভি ৭৫ মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ বিশালকে স্বজনেরা উদ্ধার করে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি দল কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

