নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে

নড়াইলে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হাসান শেখ ওরফে পান্নু (৪০) নামের গুলিবিদ্ধ এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত পান্নু নড়াগাতী থানার চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। এ ছাড়া সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ তার ছোট ভাই রাসেলের অবস্থাও অত্যন্ত সংকটজনক।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, কলাবাড়িয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় সোহেল মেম্বার পক্ষ ও আবেদ আলী শেখ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে উভয় পক্ষ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে আবেদ আলী শেখ পক্ষের ছোড়া গুলিতে সোহেল গ্রুপের সমর্থক পান্নু ও তার ভাই রাসেলসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হন।

ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাদের আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে পান্নু মারা যান।

এদিকে পান্নুর ছোট ভাই রাসেল শেখকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে (লাইফ সাপোর্ট) রাখা হয়েছে।

পান্নুর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে তার পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে প্রতিপক্ষ আবেদ আলী শেখ গ্রুপের সমর্থকদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা ও সংঘাত ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা বিরাজ করছে।

ঘটনাস্থলে শান্তি বজায় রাখতে নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নড়াগাতী থানার পুলিশ নিরলস কাজ করছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুতই পরিবেশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন