খুলনায় যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

খুলনা ব্যুরো

খুলনায় যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

খুলনায় আবারও ভোরে গুলির ঘটনা ঘটেছে। নগরীর দৌলতপুর থানার বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় মহিদুল ইসলাম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার আনুমানিক ভোর ৬টায় এ ঘটনা ঘটে। তার পেটের ডান পাশে গুলি লাগে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলি শরীর ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে গেছে।

ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় ওই যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে। বর্তমানে তিনি নগরীর উত্তর কাশিপুর এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিদুল একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন। গতকাল ভোরে তিনি বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে যান। এর কিছুক্ষণ পর ৮-১০ জন যুবক তাকে ঘিরে ধরে গুলি করে পালিয়ে যায়।

দৌলতপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা হচ্ছে।

মহিদুলের ভাই শহিদুল বলেন, তার ছোট ভাই বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। তবে হামলার কারণ বা হামলাকারীদের বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি।

দৌলতপুর থানার ওসি মোরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মহিদুল একেক সময় একেক ধরনের কথা বলছে। যতদূর জানতে পেরেছি, সে খারাপ প্রকৃতির ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদককে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

এর আগে গত আগস্টে একই সড়কে বিদ্যুৎ জামে মসজিদে ভোরে গুলির ঘটনায় দুজন মুসল্লি গুলিবিদ্ধ হন। তারা ফজরের নামাজ শেষে মসজিদে কোরআন তেলাওয়াত করছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন