খুলনায় বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিক ৭৬ বছর বয়সী মজলিস খানকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রকিবুল রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িভাড়া নিয়ে মজলিস খানের সঙ্গে রকিবুলের বিরোধের একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মজলিস খানকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

