শ্যামনগর সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ: বিজিবি

শ্যামনগর সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ: বিজিবি

সাতক্ষীরার শ্যামনগর সীমান্তের কোমরপুর এলাকা থেকে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত চার বোতল রাসায়নিক দ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত দ্রব্যের বোতলে উল্লেখিত মূল্য অনুযায়ী এর মোট সিজার মূল্য ৭৮ লাখ টাকা।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীন শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে ওই রাসায়নিক দ্রব্যের বোতলগুলো আটক করে।

পরবর্তী সময়ে জব্দকৃত দ্রব্যগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। সেখানকার পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া যায় যে, দ্রব্যগুলো মূলত হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

বোতলের গায়ে উল্লেখিত মূল্য অনুযায়ী প্রতিটির দাম ১৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে চার বোতলের মোট সিজার মূল্য দাঁড়ায় ৭৮ লাখ টাকা।

এ বিষয়ে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস্ বলেন, সাতক্ষীরার শাখরা সীমান্তে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে—এমন রাসায়নিক দ্রব্য আটক বিজিবির একটি সফল ও গুরুত্বপূর্ণ অভিযান। এই অর্জনের মাধ্যমে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও আপসহীন অবস্থান আবারও প্রতিফলিত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন