খুলনায় বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলায় এক ওসিকে কারাগারে পাঠানো হয়েছে। ২০২২ সালের ৫ জানুয়ারি সকালে নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি অফিসের সামনের বিএনপির কর্মসূচিতে বেধড়ক লাঠিচার্জ করেছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন। এ হামলায় এক চোখের দৃষ্টিশক্তি হারান মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম।
এ ঘটনায় ২০২৪ সালের ১৯ আগস্ট হাসান আল মামুনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন ফখরুল। উচ্চআদালত থেকে জামিনে থাকা পুলিশ কর্মকর্তা মামুন রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজাতে পাঠানো হয়। আদালত প্রাঙ্গণে উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে লক্ষ্য করে ডিম ও পঁচা আম ছুড়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিযন্ত্রণে সেনা ও নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম আমার দেশকে বলেন, জামিনে ছিলেন হাসান আল মামুন। উচ্চআদালতের নির্দেশে রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। আমরা জামিনের বিরোধিতা করি। আদালতের বিজ্ঞ বিচার মো. শরীফ হোসেন হায়দার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

