যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে আশরাফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারের হবির চিড়া মিলের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন আশরাফুল। ওই সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরি মেরে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তার বুকে বেশ কয়েকটি ছুরির আঘাত রয়েছে।
নিহত আশরাফুল ইসলাম মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।
এ ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত বাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
মণিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। তবে হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

