বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে অর্ধেক সংস্কার হয়ে গেছে। আর বাকি সংস্কারের জন্য জাতীয় সংসদ ও নির্বাচিত জনপ্রতিনিধি প্রয়োজন। তাই কালক্ষেপণ না করে এ বছরের মধ্যেই নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে।
বুধবার খুলনায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে এ কর্মসূচি পালিত হয়।
বীরবিক্রম হাফিজ বলেন, বর্তমানে মাঠে নেমে সংস্কারের পর নির্বাচন চাইছে একদল বুদ্ধিজীবী। অথচ তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না। মূলত এসব বুদ্ধিজীবী ছাত্রদের দিয়ে নতুন দল গঠনে যথেষ্ট সময় দিতে চায়।
তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তাকে ধরে রাখার দায়িত্ব প্রত্যেক নেতাকর্মীর। আমরা হিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না। অন্যরা যেন দলে ঢুকে কোনো ধরনের চক্রান্ত করতে না পারে সেদিকে নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন করেছিলেন ছাত্ররা। এ আন্দোলনে বিএনপির ৪২২ নেতাকর্মী প্রাণ দেন। তবে বিএনপির এই আন্দোলন শুরু হয়েছিল ২০০৭ সাল থেকে। সে সময় থেকে কোনো নেতাকর্মীই রাজপথ ছাড়েননি।
জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

