খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী মহড়ার ঘটনায় গ্রেপ্তার ২

খুলনা ব্যুরো

খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী মহড়ার ঘটনায় গ্রেপ্তার ২

খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরে প্রবেশ করে সন্ত্রাসীদের মহড়া ও সাংবাদিকদের হুমকির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে নগরীর নিরাল আবাসিক এলাকার দীঘির পাড় হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ নিরালা ১০নং রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ (৪১)।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই বিশ্বজিত কুমার বসু জানান, এজাহারনামীয় ৪ জন আসামিকে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। রাতে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা অজ্ঞাতনামা আসামির তালিকায় রয়েছে। ঘটনার পরপরই প্রেসক্লাব থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। সেখানে তাদের উপস্থিতি লক্ষণীয় ছিল। তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। পেশায় খুলনার আক্তার চেম্বারের একটি প্রতিষ্ঠানে দর্জির কাজ করে।

ঘটনার পর থেকে অন্যান্য আসামির সাথে গ্রেপ্তারকৃত এই দুজন পলাতক ছিল। সোর্স নিয়োগ করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা কোনো তথ্য দেয়নি। তাদের কারাগারে পাঠানো হবে।

উল্লেখ, গত রোববার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপতি প্রার্থী খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে খোঁজাখুঁজি ও গালিগালাজ করতে থাকে। এসময় এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তাদের আচরণের প্রতিবাদ করলে তাকে হুমকি ধামকি দেওয়া হয়।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন