সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

খুলনা ব্যুরো

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে এসআরবি-৬-এর বিশেষ তৎপরতার মুখে আলিফ বাহিনীর ১৫ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। গতকাল শুক্রবার আব্দুল্লাহ গ্রুপের আটজন এবং মজিদ গ্রুপের সাতজনসহ মোট ১৫ জন জলদস্যু এসআরবি-৬-এর কাছে আত্মসমর্পণ করেন।

বিজ্ঞাপন

শনিবার এসআরবি-৬-এর খুলনা সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ। এই বনের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন হাজার হাজার জেলে, বাওয়ালি ও মৌয়াল। তবে দীর্ঘদিন ধরে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বনজীবী ও স্থানীয় সাধারণ মানুষের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান এবং সরকারের নানামুখী পুনর্বাসন উদ্যোগের ফলে অতীতে সুন্দরবনের বিভিন্ন দস্যু বাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক সদস্য স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু নতুন দস্যুচক্রের তৎপরতা এবং পূর্বে আত্মসমর্পণকারী কিছু সদস্যের পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার তথ্য পাওয়া যায়। একই সঙ্গে জেলে ও বনজীবীদের অপহরণ ও মুক্তিপণ দাবির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনাও নতুন করে সামনে আসে।

এই পরিস্থিতিতে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এসআরবি-৬ গোয়েন্দা নজরদারি এবং সাঁড়াশি অভিযান জোরদার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধারাবাহিক তৎপরতা, বনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধমূলক জীবনের অনিশ্চয়তার কারণে শেষ পর্যন্ত দস্যু বাহিনীর এই সদস্যদের মধ্যে অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ্রহ তৈরি হয়।

এসআরবি-৬-এর মিডিয়া সেল জানিয়েছে, আত্মসমর্পণকারী জলদস্যুদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন