আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। রোববার নগরীর আল ফারুক সোসাইটিতে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক হিসেবে খুলনার দুটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে জয় পেয়েছিলেন জামায়াতের প্রার্থীরা। এরপর ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও এই দুটি আসনে জামায়াতকে সমর্থন দিয়েছিল বিএনপি। এর মধ্যে ১৮ সালের নির্বাচনে নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াতের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।
দলীয় প্রার্থী হিসেবে জামায়াত যাদের মনোনীত করেছে তারা হলেন: খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফ, খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এবং খুলনা-৩ আসনে (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী, আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন) কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান।
এর আগে খুলনা-৪ আসনে (রূপসা-দিঘালিয়া-তেরখাদা) খুলনা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও এই আসনের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়েছিল।
দায়িত্বশীল সমাবেশে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বহু রক্তের বিনিময়ে আজকে যে বাংলাদেশ পেয়েছি তাকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্র-জনতার অংশগ্রহণে যে গণবিপ্লব এবং নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতাকে বিপর্যস্ত করার জন্য চক্রান্ত হলে দেশের ছাত্র-জনতা তা প্রতিহত করবে।
সভায় আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, মহানগর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান ও মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

