কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়ায় সেনাসদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে সেনাসদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে (পাবনা-কুষ্টিয়া মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত বাসযাত্রীর নাম জিয়া। তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করতেন এবং তার বাড়ি ময়মনসিংহে।

বিজ্ঞাপন

আহত সেনাসদস্যরা হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের জানান, তারা বর্তমানে সেনাবাহিনীতে প্রশিক্ষণরত অবস্থায় রয়েছেন। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে গিয়েছিলেন তারা। ছুটি শেষে তারা একটি ভাড়া করা বাসে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। ওই বাসে তারা মোট ৪২ জন সেনাসদস্য ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী বাস। এতে তারা কমবেশি সবাই আহত হয়েছেন। সেনাসদস্যদের অন্তত ১০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, আজ রোববার একটি ভাড়া করা বাসে প্রশিক্ষণরত সেনাসদস্যরা বগুড়া থেকে খুলনা যাচ্ছিলেন। খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঘটনাস্থলে সেনাসদস্যদের বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে আহত একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এদিকে খবর পেয়ে আহতদের দেখতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যান কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দীন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, সেনাসদস্যরা নতুন রিক্রুট, তারা প্রশিক্ষণে রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন