চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত মাহবুব আলম (৪৯) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাঁকে আটক করা হয়। আটক মাহবুব আলম কুষ্টিয়া সদর থানার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর থানায় ২০২৫ সালের ১৫ আগস্ট দায়ের করা একটি মামলায় (এফআইআর নম্বর ১২, জিআর নম্বর ৩১৪) মাহবুব আলমের বিরুদ্ধে মারামারি, বেআইনি জমায়েত, বাধা প্রদান ও হত্যার অভিযোগ রয়েছে। ওই মামলার কারণে তাঁর দেশত্যাগের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি ছিল।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই তুহিন মিয়া আটকের সত্যতা নিশ্চিত করে জানান, পাসপোর্ট ও ভিসা যাচাইকালে তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও মামলার তথ্য পাওয়া যায়। পরে তাঁকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কুষ্টিয়া সদর থানায় আসামির বিরুদ্ধে মামলা রয়েছে। ইমিগ্রেশন পুলিশ তাঁকে আমাদের হেফাজতে দিয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তারা এসে পৌঁছালে আসামিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

