শৈলকুপায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা, আহত ৩

শৈলকুপায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা, আহত ৩

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার সকালে ওই গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুফী শেখ (৩২) ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলী ইদুর সাথে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস আলী। এ সময় শাকেন ও তার পরিবারের লোকজন বাধা দিলে মারামারি শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশী সুফী শেখ মারামারি ঠেকাতে গেলে ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করে ইদ্রিস আলী। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুফী শেখের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর ১২টার দিকে সুফী মারা যায়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন