অনলাইন জুয়া খেলায় হেরে হৃদয় দেব নামে এক তরুণ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তিনি আত্মহত্যা করেন। তিনি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের বাসু দেবের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, হৃদয় দেব (১৮) চুড়ামনকাঠি বাজারের ইসমাইল হোসেনের ফার্মেসির কর্মচারী ছিলেন। তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যান। পরে তারা জানতে পারেন হৃদয় দোকানের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পরিবারের সদস্যদের দাবি, হৃদয় সম্প্রতি অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন। তাদের ধারণা, জুয়ায় হেরে তিনি আত্মহত্যা করেছেন।
ফার্মেসির মালিক জানান, প্রতিদিন সকালে দোকান খোলেন হৃদয়। এদিন তিনি এসে ফার্মেসির শাটার বন্ধ দেখতে পান। তিনি শাটার তুলে ভিতরে তাকাতেই হৃদয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন। তবে কী কারণে হৃদয় আত্মহত্যা করেছেন তা বুঝতে পারছেন না বলে জানান এই ব্যবসায়ী।
বাবা বাসুদেব জানান, সকালে নাশতা করে হৃদয় দোকান খোলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর জানতে পারেন, তার ছেলে দোকানের মধ্যে গলায় ফাঁস দিয়েছে।
তিনি জানান, ছেলে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিল। তার ধারণা, খেলায় হেরেই আত্মঘাতী হয়েছেন হৃদয়। এছাড়া আর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, পুলিশ যাওয়ার আগেই লাশ নামিয়ে ফেলেন স্থানীয়রা। লাশের ময়নাতদন্ত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

