নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, তিনজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, তিনজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী
ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, দুটি টায়ার ও দুই বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের আব্দুর রহিমের দুই ছেলে খাইরুল ইসলাম ও জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া গ্রামের সুকুমারের ছেলে চঞ্চল কুমার।

স্থানীয়দের ভাষ্য, রাত সাড়ে ৯টার দিকে কাশীপুর এলাকায় আব্দুর রশিদ খোকন মিয়ার ইটভাটার কাছে ছাত্রলীগের ২০ থেকে ২২ জন নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় তারা স্লোগান দিলে স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিদের বয়স আনুমানিক ১৯ থেকে ২২ বছর। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, দুটি টায়ার ও দুই বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি টায়ার ও বোতল উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন