বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদে তেলবাহী বাঙ্কার বোটের ধাক্কায় ১২৫০ মেট্রিক টন কয়লাবোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে থাকা ১০ জন নাবিক সাঁতরে নদের কিনারে উঠে প্রাণে রক্ষা পায়। পরে অপর একটি জাহাজের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। মূল চ্যানেলের বাইরে দুর্ঘটনা ঘটায় মোংলা বন্দরের নৌচলাচল স্বাভাবিক রয়েছে।
জাহাজটির মাস্টার মো. সুজন জানান, হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘ইয়াসা জুপিটার’ থেকে ১২৫০ মেট্রিক টন কয়লাবোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা হয় এমভি ফুলবাড়ী। পথে পশুর নদের সুন্দরীকোঠা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি তেলবাহী বাঙ্কার বোটের সঙ্গে জাহাজটির সংঘর্ষ হয়। এতে এমভি ফুলবাড়ী ডুবে যায়।
মাস্টার সুজন জানান, জাহাজটি ডুবে যাওয়ার পর তারা সাঁতরে নদের চরে সুন্দরবন এলাকায় আশ্রয় নেন। পরে রাতে অপর একটি জাহাজ ‘এমভি রানিয়া-১৩’ তাদের উদ্ধার করেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, ‘দুর্ঘটনাকবলিত লাইটার জাহাজটি মূল নৌচ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় চ্যানেলটি নিরাপদ রয়েছে এবং বন্দরে জাহাজের আগমন ও বহির্গমন স্বাভাবিক আছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

